মোংলায় সালিশকে কেন্দ্র করে হামলা মেম্বারসহ আহত ৫

বাগেরহাটের মোংলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউপি মেম্বারসহ অন্তত ৫ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের মারিয়া সরকারের ছেলে পার্থ সরকার (২৫) একই এলাকার এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে ওই মেয়েটি গর্ভবতী হয়ে পড়েন এবং একটি সন্তানের জন্ম দেন। কিন্তু দীর্ঘদিন ধরে পার্থ সরকার ওই মেয়েকে স্ত্রী এবং সন্তানকে স্বীকৃতি না দেওয়ায় গত শনিবার সন্ধ্যার পর সালিশ বৈঠক বসে।

চাঁদপাই ইউনিয়ন পরিষদের এ সালিশিতে পার্থকে ওই মেয়েকে স্ত্রী বলে মেনে নেওয়ার এবং বিয়ে করার সিদ্ধান্ত হয়। সালিশিতে ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মেম্বার জাহাঙ্গীর মল্লিক, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিবর্র্গ উপস্থিত ছিলেন। সালিশি বৈঠকে পার্থকে বিয়ের সিদ্ধান্ত দেওয়া হলে তাৎক্ষণিক সে ও তার পরিবার মেনে নেয়। ইউপি মেম্বার জাহাঙ্গীর মল্লিক বলেন, সালিশ মনমতো না হওয়ায় পার্থ ও তার মা মারিয়াসহ অন্যরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল, তারা সব কিছু দেখে ও শুনে এসেছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।