গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত ডাক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সেখানকার চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন। গতকাল রবিবার সকাল থেকে চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। দোষী ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করে যাবেন বলে জানা গেছে।
গত শনিবার সকাল ৮টার দিকে একজন রোগী করোনা উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে সেখানে সাড়ে ৮টার দিকে ওই রোগী মারা যান। তাকে চিকিৎসা দিতে দেরি হয়েছে এমন অজুহাতে কর্তব্যরত চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে রোগীর স্বজনরা শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ডাক্তারদের পক্ষ থেকে ওই দিনই টুঙ্গিপাড়া থানায় অভিযোগ করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে চিকিৎসকরা ধর্মঘটে যাবেন বলে আলটিমেটাম দেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জেলা শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রবিবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।