আশুলিয়ায় ট্রাক ও বাসের সংঘর্ষের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী শিহাব দেওয়ান (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও বাসটির সন্ধান মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব দেওয়ান আশুলিয়ার জিরাবো পশ্চিমপাড়া এলাকার মৃত আন্নু দেওয়ানের ছেলে। তিনি এ বছর আশুলিয়ার টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় ব্যক্তিগত মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন শিহাব নামের ওই কলেজ শিক্ষার্থী। এ সময় জিরাবো ডাক্তার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাইপাইল থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহন ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুর্ঘটনাকবলিত উভয় যানের সাথেই পর্যায়ক্রমে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যায় ওই শিক্ষার্থী। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে দুর্ঘটনার পরপর ট্রাকের চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে স্থানীয়রা জানালেও পুলিশ তাদের ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি।
তবে এ ঘটনায় আর কোনো আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল নূর তারেক জানান, স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপারকে পাওয়া যায়নি।
এছাড়া ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত অপর বাসটিরও সন্ধান মেলেনি। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।