হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক করছেন আমির খান। অদ্বৈত চন্দনের পরিচালনায় আরও অভিনয় করছেন কারিনা কাপুর খান। করোনার কারণে অনেকদিন শুটিং বন্ধ রয়েছে। সম্প্রতি ক্যামেরা চালুর উদ্যোগ নিলেও বাগড়া দিয়েছে প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধ।
‘লাল সিং চাড্ডা’র পরবর্তী লোকেশন ছিল লাদাখে। কিন্তু গালওয়ান উপত্যকায় চীনা হামলা, দখল ও ভারতীয় সেনা নিহতের ঘটনায় পিছিয়ে গেল সিনেমা ইউনিট। আপাতত লোকেশন সরিয়ে নেওয়া হচ্ছে আরেক যুদ্ধক্ষেত্র কারগিলে।
সংবাদমাধ্যমে বরাত দিয়ে ফিল্মফেয়ার জানায়, এই পরিস্থিতিতে লাদাখে শুটিংয়ের প্রশ্নই উঠে না। তাই আগামী সপ্তাহে কারগিল যাচ্ছে ‘লাল সিং চাড্ডা’র কলা-কুশলীরা।
জানা গেছে, করোনা মহামারী পরিস্থিতি খুবই সচেতনভাবে পর্যবেক্ষণ করছেন অভিনেতা ও প্রযোজক আমির খান। তাই যথাযথ সতর্কতার ব্যবস্থা করেছেন, অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে শুটিং প্যাকআপ হবে।
এ সিনেমায় স্বাধীনতা পরবর্তী ভারতের নানান দশকের ঘটনা এক ব্যক্তির চোখে ধরা পড়বে। দেশটির ভিন্ন ভিন্ন রাজ্যে হচ্ছে বড় বাজেটের এ সিনেমার শুটিং। প্রাথমিক ঘোষণা মতে, ডিসেম্বরে মুক্তির কথা ছিল ‘লাল সিং চাড্ডা’। তবে এখন বলা হচ্ছে, পরের বছর এপ্রিল নাগাদ বড়পর্দায় আসবে সিনেমাটি।