করোনাকালে অফিস গুটিয়ে পালানো ব্রোকারেজ হাউজের মালিক স্ত্রীসহ আটক

করোনা মহামারির সুযোগ নিয়ে অফিস গুটিয়ে পালিয়ে যাওয়া ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহকে স্ত্রীসহ আটক করা হয়েছে।  

সোমবার তাদের লক্ষ্মীপুর ও নোয়াখালীর জেলার সীমান্ত এলাকা থেকে আটক করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে।

ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শেয়ার ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. শহীদ উল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানাকে আটক করা হয়েছে।

করোনা মহামারি চলাকালে ঢাকার পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজ গুটিয়ে এর মালিক শহিদ উল্লাহ সম্প্রতি লাপাত্তা হয়ে যান। এতে সঙ্কটকালে তাদের শেয়ার ও অর্থ আটকে যাওয়ায় বিপাকে পড়ে ব্রোকারেজ হাউজটির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা।

ব্রোকারেজ হাউজটির অধীনে প্রায় ২১ হাজারের মতো একাউন্ট রয়েছে, তাতে যে শেয়ার রয়েছে, তার বাজার মূল্য ৮২ কোটি টাকার মতো বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছিল।

এ ঘটনায় দুই বিনিয়োগকারী পল্টন থানায় দুটি মামলা করেন।

পুলিশ কর্মকর্তা আজিমুল বলেন, ভুক্তভোগী দুজন মামলায় অভিযোগ করেন, তাদের কাছ থেকে এক কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা হয়েছেন আসামি।

ওই মামলা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার শহীদ উল্লাহ ও তার স্ত্রীকে ঢাকায় আনা হচ্ছে বলে জানান তিনি।