করোনার উপসর্গ নিয়ে নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মো. জসিম উদ্দিন (৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সকাল ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক গভীর শোক ও শোক সমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান দেশ রূপান্তরকে বলেন, গত কয়েক দিন ধরেই জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। গত ৪ তারিখ শনিবার করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন উপজেলা চেয়ারম্যান। তারপর তার নমুনা সংগ্রহ করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে ৫ তারিখ রবিবার সকাল ১১ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ নম্বর করোনা ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়ি উপজেলার শামুকখোলে পারিবারিক কবরস্থানে বিকেল ৫ টায় তার লাশ দাফন করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার ফল না আসা পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।