শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

দেশের অন্যতম শীর্ষ আলেম, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর চেয়ারম্যান চট্টগ্রামের ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বিকাল ৫টায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও ৫ সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খি ও গুণগ্রাহী রেখে গেছেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

সোমবার দুপুরে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে আল্লামা নঈমীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামে।

শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি ইসলাম ধর্মের বহুমূখী খেদমত করে গছেন। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তথ্যমন্ত্রী।