কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এক শোক বার্তায় প্রতিমন্ত্রী গুণী এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় প্রতিমন্ত্রী আরো জানান, ‘এন্ড্রু কিশোর ছিলেন এদেশের সংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। ক্রীড়াঙ্গনের সাথেও শিল্পী এন্ডু কিশোর ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। যে কোনো বড় ইভেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে তার উজ্জ্বল পারফরম্যান্স দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে।’
‘বাংলা গানের অপ্রতিদ্বন্দ্বী এ শিল্পীর মৃত্যু সাংস্কৃতিক পরিমণ্ডলে এক বিরাট ক্ষতি। দেশীয় সংস্কৃতির উৎকর্ষ সাধনে এবং দেশে ও দেশের বাইরে বাংলা সংস্কৃতির প্রতিনিধিত্বকরণে এই কালজয়ী শিল্পীর অসামান্য অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তার অনবদ্য সৃষ্টিগুলোর মধ্যেই তিনি অমর হয়ে থাকবেন।’
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে নয় মাস ধরে ভুগে সোমবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।