এবার টাকা দিয়ে তদন্ত থামানোর অভিযোগ তার

ভারতের কাছে ২০১১ বিশ্বকাপ ফাইনাল ‘বিক্রি করেছে’ শ্রীলঙ্কা, নিজের এই বিশ্বাস থেকে সরে যাননি শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে। এবার তার অভিযোগ টাকা দিয়ে তদন্ত থামানোর।

গেল মাসে মাহিন্দানন্দা আলুথগামাগের বিস্ফোরক মন্তব্যের পর তদন্ত শুরু করে শ্রীলঙ্কা সরকার। লঙ্কান পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট সেই আসরে শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা, অধিনায়ক কুমার সাঙ্গাকারা, সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, ওপেনার উপুল থারাঙ্গাকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদও করে।

এরপর অবশ্য হুট করেই তারা তদন্ত কাজের সমাপ্তি ঘোষণা করে এবং জানায়, ২০১১ বিশ্বকাপ ফাইনাল পাতানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। আইসিসিও বিবৃতি দিয়ে জানায়, ২০১১ বিশ্বকাপের ফাইনালের বিশুদ্ধতা নিয়ে তাদের কোনো সংশয় নেই এবং এনিয়ে কোনো তদন্ত দরকার আছে বলে মনে করে না তারা।

কিন্তু আলুথগামাগে হাল ছাড়তে নারাজ। শ্রীলঙ্কার বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, তিনি বলেছেন, ‘তদন্ত থামাতে বিপুল পরিমাণ টাকা খরচ করছে ক্ষমতাবান লোকজন।’

পুলিশ প্রমাণ নেই দাবি করলেও আলুথগামাগে বলেছেন, প্রমাণ তার হাতেই আছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে অনুরোধ করবেন বলে জানিয়েছেন তিনি।