আকাশে আংশিক সূর্যগ্রহণ, চারপাশজুড়ে অদ্ভুত এক অন্ধকার—এমন এক মহাজাগতিক দৃশ্যকে সাক্ষী রেখে প্রদীপের আলোয় চলল ব্যাটে-বলের লড়াই। 'দ্য হান্ড্রেড টুর্নামেন্টে বার্মিংহাম ফিনিক্স এবং এমআই লন্ডনের ম্যাচ চলাকালীন ইংল্যান্ডের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে দেখা গেল এমনই এক বিরল ও অভূতপূর্ব দৃশ্য।
বুধবার (১২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। এর আগে সন্ধ্যা ৬:১৫ মিনিট থেকে শুরু হওয়া আংশিক সূর্যগ্রহণটি চরম রূপ নেয় সন্ধ্যা ৭:১১ মিনিটে। এ সময় সূর্যের প্রায় ৯২ শতাংশ (৯১.৭৬%) অংশই চাঁদের ছায়ায় ঢেকে যায়। এর ফলে দিনেরআলো নিমেষেই মিলিয়ে গিয়ে পুরো এজবাস্টন স্টেডিয়ামের ওপর অন্ধকার নেমে আসে।
সাধারণত প্রাকৃতিক আলো কমে এলে খেলা বন্ধ থাকার আশঙ্কা থাকে, কিন্তু দ্য হান্ড্রেড-এর আয়োজকরা পূর্বপ্রস্তুতি হিসেবে স্টেডিয়ামের শক্তিশালী ফ্লাডলাইট জ্বালিয়ে দেন। কৃত্রিম আলোর রোশনাই এবং মাথার ওপর গ্রহণের অন্ধকার—দুইয়ে মিলে মাঠের আবহ হয়ে ওঠে দুর্দান্ত।
স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন ও মাইকে দর্শক ও খেলোয়াড়দের চোখ সুরক্ষায় প্রতি পাঁচ মিনিট পরপর গ্রহণের দিকে খালি চোখে না তাকানোর জন্য সতর্কবার্তা দেওয়া হতে থাকে। প্রাকৃতিক বাধা স্বত্বেও এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি ম্যাচ।
২ রানের রোমাঞ্চকর জয় এমআই লন্ডনের
মাঠের বিরল দৃশ্যের সাথে লড়াইটাও কম রোমাঞ্চকর হয়নি। নির্ধারিত ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানের পুঁজি গড়ে এমআই লন্ডন। দলের পক্ষে নিকোলাস পুরান ২১ বলে ৩৬ রান এবং জেসন রয় ২১ বলে ২৬ রান করেন।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বার্মিংহাম ফিনিক্সের শুরুটা ভালো হলেও তারা শেষ পর্যন্ত ১৫৫ রানে (৭ উইকেটে) থমকে যায়। জো ওয়েদারলি ৩১ বলে ৪২ রান এবং রেহান আহমেদ ১১ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত ২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় বার্মিংহামকে।
এই জয়েও প্লে-অফে ওঠার জন্য যথেষ্ট ছিল না এমআই লন্ডনের জন্য, তবে এক ঐতিহাসিক ও বিরল সূর্যগ্রহণের রাতে রোমাঞ্চকর জয়ের স্মৃতি সঙ্গী করে মাঠ ছাড়ে দলটি।
গ্রিনের উইকেট পেয়ে তাসকিনের অদ্ভুত নাচের ভিডিও ভাইরাল