বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন মেসি, বলছেন ক্লাব সভাপতি

দীর্ঘ দিনের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন লিওনেল মেসি! স্প্যানিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবরের পর ফুটবল দুনিয়ায় নানা জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, আগামী মৌসুমে বার্সার সঙ্গে আর নতুন করে চুক্তি করতে চাইছেন না মেসি। এমন নানা কথার মাঝে এবার মুখ খুললেন ক্লাব প্রেসিডেন্ট।

বার্সা প্রেসিডেন্ট হোসেফ মারিয়া বার্তোমেউ জোর দিয়েই বলেছেন, মেসি বার্সেলোনাতেই থাকতে যাচ্ছেন। শুধু তাই নয় আর্জেন্টাইন সুপারস্টার কাতালান ক্লাবের হয়েই তার ক্যারিয়ার শেষ করবেন বলেও জানিয়েছেন।

বার্তোমেউ বলেন, ‘সবটাই জল্পনা। মেসি বার্সেলোনা ক্লাবে খেলেই ওর ফুটবল জীবন শেষ করতে চান বলে জানিয়ে রেখেছেন। মেসির ক্লাব ছাড়ার নিয়ে গুজব রটায় বার্সেলোনা ক্লাব তাই একটুও বিচলিত নয়। ক্লাব এখন শুধুমাত্র লা লিগা জেতা নিয়েই ভাবছে।’

শেষবার ২০১৭ সালে মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি হয়েছিল। ২০২১ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

কিন্তু কেন এই আলোচনা? এর পেছনে আসলে বেশ কিছু কারণই আছে। কোচ ভালভার্দেকে সরিয়ে দেওয়ার পেছনে মেসি ফুটবলারদের খেপিয়ে তুলেছিলেন বলে গুঞ্জন আছে। যা নিয়ে ম্যানেজমেন্টের উপর রেগে রয়েছেন মেসি।

অন্যদিকে চলতি মৌসুমে লিগে ক্লাবের অবস্থা মোটেও ভালো নয়। শিরোপার দৌড়ে বেশ পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদের চেয়ে। কোচ কিকে সেতিয়েনের সঙ্গেও মেসির মনোমালিন্যের খবর আসছে। ফলে মেসি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে খবর প্রচার হচ্ছে।