কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে বিল্লাহ (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে ডাঁসা গ্রামের আওয়ামী লীগ নেতা মামুন শেখের প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। তারই জেরে গতকাল সকালে সান্দিয়ারা বাজারে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে বিল্লাহ মারা যান। তিনি সুমনের সমর্থক ছিলেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, দুপক্ষের সংঘর্ষে বিল্লাল নামে একজন নিহত হয়েছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।