খুলনার সেই ২ পাটকল শ্রমিক নেতা পুলিশ হেফাজতে

খুলনায় ‘প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্য’ পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ২০ ঘণ্টা পর দুই পাটকল শ্রমিক নেতার সন্ধান পাওয়া মিলেছে।

এই দুই নেতাকে নগরীর দৌলতপুর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পুরো ঘটনাটি আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব। এর বেশি এখন কিছু বলা যাবে না।’

উল্লেখ্য, এর আগে গত রবিবার দিবাগত রাতে ওই দুইজন শ্রমিক নেতাকে ‘প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্য’ পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করে তাদের পরিবার।

দুই শ্রমিক নেতা হলেন- সদ্য বন্ধ ঘোষিত স্টার জুট মিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের আহ্বায়ক অলিয়ার রহমান এবং প্লাটিনাম জুবিলি জুটমিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের উপদেষ্টা নূর ইসলাম।

অলিয়ার রহমানের ছেলে নাইম শেখ জানান, রবিবার রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের বাড়িতে কয়েকজন লোক এসে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। তাদের হাতে ওয়ারলেস ও রাইফেল ছিল।

তিনি বলেন, ‘আমরা দরজা খুললে তারা বলে আব্বাকে নিয়ে মিলে যাবে। আমরা কিছু বুঝে ওঠার আগেই বাবাকে নিয়ে গাড়িতে করে নিয়ে চলে যায়। আমরা থানায় গেলে ওসি (খানজাহান আলী থানার) বলেন, রাতে আমাদের কোনো অভিযান হয়নি। আমরা কিছুই জানি না।’

অন্যদিকে নূর ইসলামের ছেলে মো. জুয়েল বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে কিছু লোক আসে খালিশপুরের বাসায়। এ সময় তারা বলতে থাকে এই দরজা খুলুন আগুন লেগেছে। তখন আমরা তাদের বলি আপনারা কারা, তারা বলে আমরা ফায়ার সার্ভিসের লোক।’

তিনি বলেন, ‘তারপর চোখের পলকে তারা বাবাকে নিয়ে চলে যায়। আমরা অনেকভাবে তাদের পরিচয় জানা চেষ্টা করি কিন্তু তারা কোনো পরিচয় দেয়নি।’