করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের অনুশীলন শুরুর ব্যাপারে এখনো আগের মতোই কোনো তাড়াহুড়ো করতে চাইবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেপ্টেম্বরে এশিয়া কাপ হলে ভিন্ন পরিকল্পনা। না হলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবেই অনুশীলন শুরুর ব্যাপারে পদক্ষেপ নিতে চায় বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কথায় অন্তত সেই ইঙ্গিতই মিলছে। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, আইসিসি ও এসিসির সিদ্ধান্তের অপেক্ষায় তারা।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেপ্টেম্বরে এশিয়া কাপ (ভেন্যু চূড়ান্ত নয়)। দুটি আসর নিয়েই রয়েছে অনিশ্চয়তা। এ মাসেই আসর দুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে খবর।
নিজাম উদ্দিন বলছেন, ‘এ দুটি টুর্নামেন্টের আগে-পরে আমাদের আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। এ মুহূর্তে এশিয়া কাপের দিকে তাকিয়ে আছি। এটা হলে এক রকম, না হলে আরও কিছুদিন অপেক্ষা করব।’
তিনি আরো বলেন, ‘আমরা কিন্তু প্রস্তুতি নিয়েই রেখেছি। (সিনিয়র) খেলোয়াড়দের সঙ্গে সভা করছি। এ মুহূর্তে তারা খুব একটা ইতিবাচক নয়। আমাদের সবকিছু খেলোয়াড় কেন্দ্রিক। তাদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে।’
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও জানিয়েছেন একই কথা। বলেন, ‘যেহেতু এশিয়া কাপের আগে আমাদের আর কোন সিরিজ বা সফর নেই। তাই আমরা এশিয়া কাপকে টার্গেট রেখে ক্রিকেটারদের তৈরি করার কথা ভাবছি।’