বিশ্ব আর্চারি থেকে ৪ লাখ টাকা পাচ্ছেন রোমান

করোনাকালের এই দুর্যোগময় সময়ে বিশ্ব আর্চারি ফেডারেশন থেকে আর্থিক সহায়তা পাচ্ছেন দেশ সেরা আর্চার রোমান সানা। বিশ্বের বিভিন্ন দেশের আর্চারদের মধ্যে বাছাই করা ৩৫ জনকে অনুদান দিচ্ছে বিশ্ব আর্চারি ফেডারেশন ও ফাউন্ডেশন ফর গ্লোবাল স্পোর্টস ডেভলপমেন্ট। যে তালিকায় আছেন রোমানও।

রোমান সানা পাচ্ছেন ৫০০০ ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ২৩ হাজার টাকা।

তবে এই টাকা খরচ করার ক্ষেত্রে শর্তও রয়েছে। রোমানকে ৮০ শতাংশ অর্থাৎ প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা খরচ করতে হবে আর্চারি সংশ্লিষ্ট কাজে। বাকিটা খরচ করা যাবে ব্যক্তিগত প্রয়োজনে।

বিশ্ব আর্চারি ফেডারেশন ও ফাউন্ডেশন ফর গ্লোবাল স্পোর্টস ডেভলপমেন্ট- এই দুই সংস্থা মিলে করোনায় ক্ষতিগ্রস্তদের আর্চারদের জন্য একটা ত্রাণ তহবিল গঠন করেছে। ১ লাখ ৯০ হাজার ইউএস ডলার (প্রায় ১ কোটি ৬১ লাখ টাকা) জমা হয়েছে সেই তহবিলে । সেখান থেকেই রোমান সহায়তা পাচ্ছেন।

যে জন্য আগে থেকেই আবেদন করে রেখেছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সংস্থাটির সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন চপল বলেন, ‘টাকা পাওয়ার বিষয়টা প্রক্রিয়াধীন আছে। আশা করছি খুব দ্রুত রোমানের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে।’