ব্রাজিলের প্রেসিডেন্ট আক্রান্ত

করোনাভাইরাস সম্পর্কে নানা সময়ে নানা বিতর্কিত মন্তব্য ও সিদ্ধান্ত দিয়ে অসংখ্যবার নিজ দেশ ও বিশ্বে সমালোচিত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশেষজ্ঞদের সব পরামর্শ একপ্রকার তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তিনি। নিজের দেশ করোনায় আক্রান্ত আর মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকলেও তিন দিন আগেও মাস্ক পরায় ভেটো দিয়েছিলেন তিনি। তবে এবার নিজেই আক্রান্ত হলেন সেই করোনাভাইরাসে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে সিএনএনের এক প্রতিবেদনে বলসোনারোর করোনা পজিটিভ হওয়ার খবর দিয়েছে। 

গত সোমবার করোনার উপসর্গ থাকায় পরীক্ষা করতে দিয়েছেন বলে সরকারি বাসভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের নিজেই এ কথা জানিয়েছিলেন। আর গতকাল সেই পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।

সোমবার বলসোনারো বলেছিলেন, ফুসফুসের পরীক্ষা করিয়ে এই মাত্র হাসপাতাল থেকে ফিরলাম। ফুসফুস ঠিক আছে। কভিড-১৯ উপসর্গ থাকায় পরীক্ষা করিয়েছি, কিন্তু সব ঠিক আছে।

সোমবার ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, প্রেসিডেন্টের শরীরে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার বেশ কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে। সে কারণে সোমবার তিনি করোনা টেস্ট করান। ফুসফুসও টেস্ট করান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রেসিডেন্ট জাইর বলসোনারো শুরু থেকে করোনাকে পাত্তা দেননি। তিনিও ট্রাম্পের সুরে সুর মিলিয়ে কথা বলেছেন। করোনাকে তিনি সাধারণ ফ্লু হিসেবেই বিবেচনা করছেন। করোনার সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করারও বিপক্ষে ছিলেন তিনি। করোনা নিয়ে তার এমন উদাসীনতার কারণে দুজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। তারপরও তিনি করোনাকে গুরুত্বের সঙ্গে দেখেননি।

বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের তালিকায় ব্রাজিল রয়েছে দ্বিতীয় অবস্থানে। তাদের চেয়ে একমাত্র যুক্তরাষ্ট্রেই বেশি মানুষ আক্রান্ত ও মারা গেছেন।