এক ঝলকে

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে মাহি

বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় শোনা যাচ্ছিল ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনে সংকটময় সময় পার করছেন তিনি। স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সম্পর্কের ইতি টানার পথে হাঁটছেন এই নায়িকা। স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন, এমন কথাও চাউর হয়েছে। এ বিষয়ে মাস কয়েক আগে মুখ খুলেছিলেন মাহিয়া মাহি। জানিয়েছিলেন, ভালো আছে তার সংসার। তবু গুঞ্জন যেন থামছিল না। তবে সেই গুঞ্জনে আবারও জল ঢেলে দিলেন মাহি। গতকাল ছিল তার স্বামী অপুর জন্মদিন। এদিনে স্বামীর সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও। এ নায়িকার এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, স্বামী অপুর সঙ্গে বেশ ভালো আছেন মাহি। আর দশটা দম্পতির মতোই তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে মতানৈক্য হয়েছিল। কিন্তু সেগুলো মিটে গেছে। মাহির কাজের প্রতি অপুর সমর্থন ও শ্রদ্ধা শুরু থেকেই ছিল। অপুর প্রতিও স্ত্রী হিসেবে দায়িত্বশীল মাহি। মাহির হাতে রয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আনন্দ অশ্রু’, রায়হান রাফির ‘স্বপ্নবাজি’সহ বেশ কিছু সিনেমা। অনন্য মামুনের নতুন সিনেমা ‘নবাব এলএলবি’তেও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছবির মধ্য দিয়ে মাহিকে দীর্ঘদিন পর দেখা যাবে শাকিব খানের বিপরীতে।

শেষ সিনেমার ট্রেইলারে রেকর্ড

রেকর্ড গড়ল সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’। পেছনে ফেলে দিয়েছে হলিউডের জনপ্রিয় ছবি ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’কে। গত ৬ জুলাই ‘দিল বেচারা’র ট্রেইলার প্রকাশ করা হয়েছে ফক্স স্টারের ইউটিউব চ্যানেলে। মাত্র ২৪ ঘণ্টায় তা দেখা হয়েছে ৪৮ লাখ বারের বেশি। বর্তমানে এর ভিউ তিন কোটি ছাড়িয়েছে। যেখানে একদিনে মার্ভেল স্টুডিওস প্রযোজিত ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’-এর ভিউ হয়েছিলে ৩৬ লাখ। ট্রেইলারে সুশান্তের প্রাণোচ্ছল, হাসিখুশি মুখ দেখে অজান্তেই ভিজেছে ভক্তদের চোখ। ‘কেন এত তাড়াতাড়ি চলে গেলে, তোমার তো আরও অনেক ছবি উপহার দেওয়ার ছিল?’ এমন মন্তব্য করেছেন অনেকে। দর্শকের পাশাপাশি বলিউড তারকারাও সোশ্যাল মিডিয়ায় ‘দিল বেচারা’র ট্রেইলার শেয়ার করেছেন। ট্রেইলার দেখে আবেগঘন পোস্ট করেছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা কৃতি শ্যানন, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, অভিনেতা কার্তিক আরিয়ান, নওয়াজুদ্দিন সিদ্দিকী, আনুশকা শর্মা, মনোজ বাজপেয়ি, সুস্মিতা সেনসহ আরও অনেকেই। লেখক জন গ্রিনের উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘দিল বেচারা’। গত ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় প্রেক্ষাগৃহগুলো বন্ধ রাখায় পিছিয়ে যায় এর মুক্তি। আগামী ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি।

‘ম্যাট্রিক্স-৪’-এর শ্যুটিংয়ে প্রিয়াঙ্কা

বলিউডে রাজত্ব করে এখন হলিউডে প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র পর ‘ম্যাট্রিক্স’ সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। জনপ্রিয় এই অভিনেত্রী কিয়ানু রিভেসের ‘ম্যাট্রিক্স-৪’-এর প্রধান চরিত্রে কাজ করতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করছেন ক্যারি-অ্যান মোস, নীল প্যাট্রিক হ্যারিস প্রমুখ। সান ফ্রান্সেসকোতে এই সিনেমার শ্যুটিং শুরু হয় ফেব্রুয়ারিতে। কিন্তু মার্চে করোনার কারণে শ্যুটিং বন্ধ হয়ে যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবার শ্যুটিং শুরু হয়েছে। সেখানে প্রিয়াঙ্কাও কাজ করছেন। স্বাস্থ্যবিধি মেনেই বার্লিনে শ্যুটিংয়ে অংশ নিচ্ছেন তারা। এই সিনেমা ছাড়া আমাজন প্রাইমের সঙ্গে দুই বছরের জন্য মিলিয়ন ডলারের চুক্তি সই করেছেন প্রিয়াঙ্কা। প্রযোজকের খাতাতেও নাম লেখাচ্ছেন অভিনেত্রী। এই মুহূর্তে প্রিয়াঙ্কা দুটি আমাজন প্রজেক্টে কাজ করছেন। একটি হলো রিয়্যালিটি ড্যান্স শো ‘সংগীত’। স্বামী নিক জোনাসের সঙ্গে তিনি এ শো প্রযোজনা করছেন।