কুমিল্লার চান্দিনায় এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণ করার অবিযোগে ৩ বখাটে যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার বাগুর শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার দেবীদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটকরা হলেন- ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে খোকন (২৯), কুমিল্লা দেবীদ্বার উপজেলার ভৈষেরকুট গ্রামের ফরিদুর রহমান এর ছেলে আব্দুল মান্নান (২৮)।
তারা উভয়ই চান্দিনার বেলাশহর গ্রামে ভাড়ায় বসবাস করেন। অপরজন হলেন- চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের কালু মিয়ার ছেলে ফরিদ (২৬)।
চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বাসিন্দা ১৯ বছর বয়সী ওই গার্মেন্টসকর্মী বেলাশহর এলাকার ‘ডেনিম’ গার্মেন্টে চাকরি করেন। বাড়ি থেকে যাতায়াত করে চাকরি করা সম্ভব না হওয়ায় পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলাধীন বাগুর গ্রামে ভাড়ায় বাস করেন।
সোমবার রাত ৯টায় ডিউটি শেষে বাসায় ফিরছিলেন তিনি। মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাসায় ফেরার সময় তিন যুবক তার মুখ চাপা দিয়ে একটি ঝোঁপে নিয়ে ধর্ষণ করে তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই তিন অভিযুক্তকে আটক করেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান, ঘটনাস্থলটি চান্দিনা বাজারের সন্নিকটে হলেও তা দেবীদ্বার থানাধীন বাগুর শান্তিনগর এলাকায় ঘটেছে। তারপরও আমরা ঘটনাটি মোবাইল ফোনে শোনার সাথে সাথে অভিযান চালিয়ে তিনজনকে আটক করি এবং মোবাইল ফোনটিও উদ্ধার করি। আটকদের দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আনোয়ার জানান, এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ধর্ষণের কথা স্বীকার করেন।