কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মুতিউজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন।
তিনি আরও জানান, বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ উপ-পরিদর্শক মুতিউজ্জামান, সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম ও আমজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালান।
তল্লাশিকালে আটক পিকআপটির ইঞ্জিনের উপর বনাটের নিচে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় পিকআপে থাকা তিন মাদক কারবারি ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার শান্তিবাগ এলাকার আলীম কাজীর ছেলে কাশম (২৭), মধ্যপাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে রাকিব (২৫) ও পশ্চিমমেড্ডা পীরবাড়ি এলাকার মৃত সোনাব আলীর ছেলে সিরাজুল ইসলামকে (৩৫)। মাদকদ্রব্য বহনের দায়ে জব্দ করা হয় পিকআপটি।