বাগেরহাটে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে করোনাভাইরাসের মহামারিতে ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্টেন স্কুলগুলো আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন অবস্থান কর্মসূচি পালন করেছে।

বুধবার বেলা এগারোটা থেকে ১২টা পর্যন্ত বাগেরহাট প্রেস ক্লাবের সামনে সংগঠনটি এই কর্মসূচি পালন করে। শারীরিক দূরত্ব বজায় রেখে বাগেরহাটের ৯টি কিন্ডার গার্টেনের প্রায় শতাধিক শিক্ষক ওই অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচি শেষে তারা দশ দফা দাবি সংবলিত একটি স্মরকলিপি বাগেরহাটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। সংগঠনটি সারাদেশে একই সময়ে এই অবস্থান কর্মসূচি পালন করেছে।

কর্মসূচি চলাকালে কিন্ডার গার্টেন প্রধানরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সরকার যেদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে আমরা সেদিন থেকে বন্ধ রেখেছি। শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কিন্ডার গার্টেন ভূমিকা রেখে চলেছে।

সারাদেশে প্রায় এক কোটি শিশু এসব প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। এতদিন বেসরকারি উদ্যোগে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে আসছি। আমরা কখনো সরকারের কাছে কোনো ধরনের আর্থিক সাহায্য সহযোগিতা চাইনি। এখন দেশে মহামারি চলছে। স্কুলগুলো বন্ধ থাকায় প্রতিষ্ঠানের শত শত শিক্ষককে বেতন ভাতা দেয়া সম্ভব হচ্ছে না। তারা সবাই মানবেতন জীবনযাপন করছেন। তাই দুর্যোগ মোকাবিলা এবং কিন্ডার গার্টেনগুলোকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণ চাইছি। সরকার তাদের জন্য মানবিক হবেন এমনটাই প্রত্যাশা তাদের।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাগেরহাট শহরের গ্রীনহার্ট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক, সহ-সভাপতি আহাদ উদ্দিন হায়দার, অধ্যক্ষ তিথি দেবনাথ, শিশু অংগন বিদ্যানিকেতনের পরিচালক মো. কামরুজ্জামান, আইডিয়াল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ফাহমিদা আক্তার লোপা প্রমুখ।