কর্ণফুলিতে ডুবল স্ক্র্যাপবাহী লাইটারেজ জাহাজ

চট্টগ্রামের কর্ণফুলি নদীর সদরঘাট এলাকায় ডুবে গেছে এমভি বর্ণিয়া প্রিন্স-২ নামে স্টিল স্ক্র্যাপবাহী একটি লাইটারেজ জাহাজ। মঙ্গলবার রাত দেড়টার দিকে জাহাজটি ডুবে যায়।

আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন ওই জাহাজে ২ হাজার ২৪৫ মেট্রিক টন স্টিল স্ক্র্যাপ বহন করা হচ্ছিল।

প্রতিষ্ঠানটির শিপিং এজেন্ট লিটমন্ড শিপিং লাইনসের অপারেশন ইনচার্জ মো. জাহিদ হোসেন দেশ রূপান্তরকে জানান, লাইটারেজ জাহাজটি ম্যাগনেটিক ক্রেন দিয়ে পণ্য খালাসের জন্য মঙ্গলবার রাতে সদরঘাটস্থ জুট র‌্যালী ঘাটে যাচ্ছিল।

রাত দেড়টার দিকে জোয়ারের মধ্যে জাহাজটি এক নম্বর জেটি এলাকার কাছে নোঙর করতে গেলে হঠাৎ নোঙর ছিড়ে যায়। এ সময় জাহাজটি কাত হয়ে ডুবে যায়।

তিনি জানান, জাহাজের লোকজন নিরাপদে রয়েছেন এবং নদীতে পানির গভীরতা কম থাকায় এখনো জাহাজের উপরের অংশ দেখা যাচ্ছে। আগামীকাল জাহাজটি উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক দেশ রূপান্তরকে জানিয়েছেন, নোঙর ছিঁড়ে যাবার পর এমভি বর্নিয়া প্রিন্স-২ বয়ার সঙ্গে ধাক্কা খায় এবং বয়ার সঙ্গে নোঙর করে থাকা আরও কয়েকটি জাহাজ এতে ক্ষতিগ্রস্ত হয়। তবে ডুবে যাওয়া জাহাজটির কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।