‘বিশ্বকাপে ভারতের বিপক্ষে চাপ নিতে পারে না পাকিস্তান’

ওয়ানডেতে ৮০ ও ৯০ এর দশকে ভারতের বিপক্ষে একচ্ছত্র দাপট ছিল পাকিস্তানের। বেশিরভাগ ম্যাচ তারাই জিতেছে। এখনো দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে পাকিস্তানই এগিয়ে। কিন্তু বিশ্বকাপ প্রসঙ্গে এলে ব্যাপারটা উল্টো।

বিশ্ব মঞ্চে যতবার দেখা হয়েছে দুই দলের, সব ম্যাচ জিতে নিয়েছে ভারত। সাতবারের মুখোমুখি দেখায় সব কটিতে জয় ভারতের। কিন্তু পাকিস্তানের এই ব্যর্থতার কারণ কি? ওয়াকার ইউনিস বললেন এর কারণ।

ওয়াকারের মতে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে চাপ নিতে না পারাটাই পাকিস্তারের ব্যর্থতার কারণ। ভারত সেখানে অনেক স্মার্ট ক্রিকেট খেলে নিজেদের লড়াইয়ে এগিয়ে নিয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে আলোচনায় ওয়াকার বলেন, ‘বেশ কিছু বছর ধরে পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জিততে পারেনি। আমরা অন্যান্য ফরম্যাটে ভালো খেলেছি। আমরা ওদের টেস্টে হারিয়েছি। তবে যখনই বিশ্বকাপের প্রসঙ্গ আসে, ভারত সবসময় এগিয়ে থাকে। ওরা অবশ্য এর যোগ্য। ভারত বিশ্বকাপে সবসময় ভালো ক্রিকেট খেলে।’

কারণ ব্যাখ্যা করতে গিয়ে কিংবদন্তি এই ফাস্ট বোলার বলেন, ‘আমার মনে আছে ম্যাচগুলোর কথা। কয়েকটাতে আমি নিজেও খেলেছি। ভারত ভালো দল নিয়ে মাঠে নামত এবং ম্যাচের দিন ওরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলতে নামত। ওরা স্মার্ট ক্রিকেট খেলত, যেটা আমরা পারিনি।’

‘কয়েকটা ম্যাচ আমাদের হাতে ছিল। ২০১১ এবং তারও আগে ১৯৯৬-এ একসময় ম্যাচে আমরাই এগিয়ে ছিলাম। তবে আমরাই সুযোগটাকে নষ্ট করেছি। আমরা ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যেতে দিয়েছি।’- যোগ করেন ওয়াকার।

তার মতে মনস্তাত্বিক চাপ কাটানোটাই ভারতের বিপক্ষে বিশ্বকাপ ব্যর্থতা কাটানোর উপায় হতে পারে। বলেন, ‘বারবার হারের জন্য কোনো নির্দিষ্ট একটা কারণ উল্লেখ করা কঠিন। তবে বিশ্বকাপের চাপ অন্যতম কারণ হতে পারে। মনস্তাত্বিক চাপ কাটাতে না পারলে আমরা ভারতের বিরুদ্ধে কখনই জিততে পারব না।’