করোনা নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরল ঠিকই, কিন্তু ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সাউদাম্পটন টেস্টের প্রথম দিনটায় জয় হলো বৃষ্টির। ১৭.৪ ওভারের বেশি খেলাই যে হতে পারল না।
বুধবার টস জিতে ব্যাট করতে নেমে হতাশার শুরুর পর ইংলিশরা প্রথম দিনে স্কোর বোর্ডে ১ উইকেটে তুলেছে ৩৫ রান। আলোকস্বল্পতার কারণে এরপর প্রায় ৯০ মিনিট হাতে থাকা অবস্থায় দিনের খেলা শেষ ঘোষণা হয়।
দিনের শুরু থেকেই ছিল বৃষ্টির দাপট। প্রথম সেশন পুরোটাই যায় বৃষ্টির পেটে। এরপর আবহাওয়া অনুকূলে এলে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে শুরুটা হয় তাদের দুঃস্বপ্নের মতো। ইনিংসের দ্বিতীয় ওভারেই স্কোর বোর্ডে কোনো রান যোগ না করতেই ডোমিনিক সিবলিকে (০) ফিরিয়ে দেন শ্যানন গ্যাব্রিয়েল।
ওপেনার রোবি বার্নস ও জো ডেনলি অবশ্য নিরবচ্ছিন্ন থেকেই উইকেট ছেড়েছেন। বার্নস ৫৫ বলে ৩ চারে ২০ ও ডেনলি ৪৮ বলে ৩ চারে ১৪ রান করেন।
১১৭ দিন পর ফিরল আন্তর্জাতিক ক্রিকেট
ম্যাচটা ঘিরে অধীর অপেক্ষায় ছিল সবাই। ১১৭ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরছে বলে কথা। কিন্তু বেরসিক বৃষ্টি শুরু থেকেই বাধা হয়ে দাঁড়ায়। প্রথম সেশন পুরোটাই ভাসিয়ে নেয়। লাঞ্চের পর অবশ্য মাঠে বল গড়ায়। করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট মঠে ফেরে তাতে।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। যেটি শেষ পর্যন্ত শুরু হয়েছে সন্ধ্যা ৭টায়। বৃষ্টির কারণে টসও হয়েছে দেরিতে। স্বাগতিক ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে।
রোজ বোলে ম্যাচটা শুরু হতেই রিকি পন্টিং টুইট করেন, ‘টেস্ট ক্রিকেট ফিরে এসেছে, কি দারুণ।’ আসলে তো এটা বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মনের কথা।
ম্যাচের শুরুতে বিশ্বজুড়ে করোনায় মৃত ও ক্যারিবীয় কিংবদন্তি এভারটন উইকস স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উইকস গত সপ্তাহে পৃথিবীর মায়া ছাড়েন।
এ ছাড়া বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দুই দলের খেলোয়াড়, আম্পায়ার, মাঠ কর্মীরা হাঁটু গেড়ে বসে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ক্যাম্পেইনকে সমর্থন জানান। দুই দলের জার্সিতেও রয়েছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো।