সরকারি চাকরিজীবী

ঈদ ১ আগস্ট হলে মিলবে ৫ শতাংশ বর্ধিত বোনাস

আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য বর্ধিত বেতন-বোনাস মিলতে পারে। চাঁদ ওঠার ওপর ভিত্তি করে বাংলাদেশে আগামী ৩১ জুলাই কিংবা ১ আগস্ট ঈদ হতে পারে। ১ আগস্ট ঈদুল আজহা হলে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টসহ এক মাসের মূল বেতন ও বোনাস পাবেন সরকারি চাকরিজীবীরা। আর ৩১ জুলাই ঈদ হলে ইনক্রিমেন্ট ছাড়া এক মাসের মূল বেতন ও বোনাস দেওয়া হবে।

গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। তারা জানান, ঈদের দিন হিসাব করে বোনাস দেওয়া নিয়ে জটিলতায় পড়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় গত রবিবার অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চেয়ে চিঠি দেয়। পরে গত মঙ্গলবার মহানিয়ন্ত্রকের কার্যালয়কে অর্থ বিভাগের উপসচিব ড. নাসিমা আক্তার স্বাক্ষরিত চিঠি পৌঁছে দেওয়া হয়।

এতে বলা হয়, আসছে ঈদুল আজহার সম্ভাব্য দিন ১ আগস্ট ধরে বার্ষিক বর্ধিত জুলাই মাসে গৃহীত মূল বেতন বা পেনশনের ভিত্তিতে উৎসবভাতা প্রদান করতে হবে। ঈদুল আজহা যদি ৩১ জুলাই হয় তাহলে তা পরবর্তী মাসের বেতন বা পেনশন থেকে বর্ধিত টাকা সমন্বয় করতে হবে। ঈদ ১ আগস্ট হলে বর্ধিত বোনাস বাবদ সরকারের অতিরিক্ত ব্যয় ১৩০ থেকে ১৪০ কোটি টাকা বাড়বে।

২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের প্রতি বছর ১ জুলাই থেকে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট কার্যকর হয়। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ স্মারক অনুযায়ী, যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে তার পূর্ববর্তী মাসে আহৃত মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারী উৎসবভাতা হিসেবে পাবেন। পেনশনারদের উৎসবভাতা প্রদানের ক্ষেত্রেও পূর্ববর্তী মাসের আহৃত পেনশনের সমপরিমাণ উৎসবভাতা প্রদানের নির্দেশনা রয়েছে। এখন ঈদুল আজহা যদি ১ আগস্ট ঈদ হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা বোনাস পাবেন বার্ষিক বর্ধিত জুলাইয়ের মূল বেতনের সমান। যদি ঈদ ৩১ জুলাই হয় তাহলে তারা বোনাস পাবেন জুন মাসের মূল বেতনের সমান।