করোনাভাইরাসের মহামারীতে বাগেরহাটে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে কিন্ডারগার্টেনের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শারীরিক দূরত্ব বজায় রেখে বাগেরহাটের ৯টি কিন্ডারগার্টেনের শতাধিক শিক্ষক ওই কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচি শেষে তারা ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি বাগেরহাটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। সংগঠনটি সারা দেশে একই সময়ে এই অবস্থান কর্মসূচি পালন করেছে।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কিন্ডারগার্টেন ভূমিকা রেখে চলেছে। সারা দেশে প্রায় এক কোটি শিশু এসব প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। স্কুলগুলো বন্ধ থাকায় শত শত শিক্ষককে বেতন-ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। তারা মানবেতন জীবনযাপন করছেন।