কুষ্টিয়ায় নৌকাডুবি এক শ্রমিকের লাশ উদ্ধর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের মধ্যে শরিফুল ইসলাম (৩১) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

গতকাল বুধবার দুপুর ১টায় চরসাদিপুরে দুর্ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার ভাটিতে ভেসে উঠা লাশ পাবনা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। মৃত শরিফুল ইসলাম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।

পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, গত মঙ্গলবার সকালে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধারে ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। বুধবার দুপুর ১টায় একজনের লাশ উদ্ধার হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন ভেড়ামারার জামালপুর গ্রামের জুয়েল (৩০), জাকির (২৫) ও জুবা (৩২)। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা নদীর চরসাদিপুর এলাকায় নৌকাডুবির ঘটনায় ১৩ জনের মধ্যে ৯ শ্রমিক সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন।