লালমনিরহাটের পাটগ্রাম থানার ওসি, একজন এসআই ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন ওসি সুমন কুমার মহন্ত, এসআই আশরাফুল আলম ও তার স্ত্রী। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কে এম তানজির আলম। এ নিয়ে পাটগ্রাম উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ জনে।
গত ৩০ জুন তাদের নমুনা পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পরীক্ষার পর গত মঙ্গলবার সন্ধ্যায় তিনজনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় জেলা স্বাস্থ্য বিভাগকে।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ বলেন, আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
পাটগ্রাম উপজেলায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ জন। মৃত্যু হয়েছে একজনের।