দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা বকেয়া বেতন ভাতা, শ্রমিকদের পুনরায় কর্মস্থলে যোগদানসহ চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী খনির প্রধান গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে খনির অভ্যন্তরে কাজ করে আসছেন ১১৪৭ জন বাংলাদেশি শ্রমিক। গত ২৬ মার্চ থেকে শ্রমিকদের খনির ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে চীনা শ্রমিকদের নিয়ে স্বল্প পরিসরে খনির কার্যক্রম চালু রাখে খনি কর্তৃপক্ষ।
১২ জুলাইর মধ্যে কর্তৃপক্ষ দাবি মেনে না নিলে ১৩ জুলাই থেকে পরিবার-পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরুজ্জামান খান বলেন, করোনার কারণে শ্রমিকদের ছুটিতে পাঠানো হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিকদের কাজে যোগদানের মাধ্যমে তাদের বকেয়া পাওনাদি প্রদান করবেন।