১১৭ দিন পর খেলা ফেরায় উচ্ছ্বসিত ক্রিকেটাররা

করোনাভাইরাসের কারণে থমকে গিয়েছিল সব। অন্যান্য সব খেলার মতো এই সময়ে ক্রিকেটও ছিল নির্বাসনে। দীর্ঘ ১১৭ দিন পর বুধবার ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্টের মধ্য দিয়ে মাঠে ফিরল ব্যাটে-বলের লড়াই। তাতে উচ্ছ্বসিত ক্রিকেটাররা।

সাউদাম্পটনে শুরু হয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বুধবার প্রথম দিন মাত্র ১৭.৪ ওভারের খেলা হলেও তাতেই ভীষণ খুশি ক্রিকেট মহল।

ভারতের টেস্ট ওপেনার রোহিত শর্মা টুইটারে লিখেছেন-“ক্রিকেট ফিরেছে। ইংল্যান্ড থেকে ইতিবাচক ছবিই দেখতে পাচ্ছি। ক্রিকেট খেলা হচ্ছে, এটা দেখতে পেয়ে খুব ভাল লাগছে। দুই দলকেই শুভেচ্ছা জানাচ্ছি। মাঠে নেমে পড়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”

অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন-“যাই হোক না কেন, জিতবে কিন্তু ক্রিকেট। এই কথাটা অতীতে অনেক বার ব্যবহৃত হয়েছে। কিন্তু এই দিনটার ক্ষেত্রে কথাটা একেবারে ঠিক। দুই দলকেই গুড লাক।”

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন লিখেছেন, “আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরতে দেখে দারুণ লাগছে।”

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং টুইট করেছেন, “টেস্ট ক্রিকেটকে ফিরতে দেখে কী ভালই যে লাগছে!”

টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ৩৫ তুলেছে ইংল্যান্ড। ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্র্যাব্রিয়েলের বলে আউট হয়েছেন ইংল্যান্ডের ওপেনার ডম সিবলে।