মাসিক ভাতা পাচ্ছেন ১১৫০ অসচ্ছল ক্রীড়াবিদ

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ২০১৯-২০২০ অর্থবছরে ১১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদ মাসিক ক্রীড়া ভাতা পাবেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। 

বাছাই করা প্রত্যেক ক্রীড়াসেবী বা তাদের পরিবারকে মাসিক ভাতা হিসেবে ২ হাজার টাকা হারে বছরে ২৪ হাজার টাকা প্রদান করা হবে।

সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘স্বাধীনতার অব্যবহিত পরেই অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণার্থে এ ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতি বিজড়িত এ ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে।’

‘আমরা করোনাভাইরাস মহামারি চলাকালে ৫০ জন অসচ্ছল খেলোয়াড় বা ক্রীড়াসেবীকে ১০ হাজার টাকা হারে মোট পাঁচ লক্ষ টাকা দিয়েছি। তাছাড়াও এ অর্থ বছরে ১১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অচিরেই এ অর্থ ক্রীড়াবিদদের হাতে তুলে দেব।’

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা ইতিমধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা অনুদান দিয়েছি। ‘করোনায় ক্ষতিগ্রস্তদের অনুদান’ খাতে সরকার ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। বরাদ্দ পাওয়ার পরই জাতীয় ক্রীড়া পরিষদ এই অর্থ প্রকৃত অসহায়দের মধ্যে কীভাবে বিতরণ করা হবে সে কার্যক্রমও শুরু করেছে।