স্থগিত থাকা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর বাকি ম্যাচগুলোর ভেন্যু বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে উয়েফা। নিজেদের ‘হোম ম্যাচ’ দলগুলো তাদের ঘরের মাঠেই খেলার সুযোগ পাচ্ছে।
বৃহস্পতিবার উয়েফার নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১১ মার্চ ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ স্থগিত ঘোষণা করা হয়। গত ১৭ জুন উয়েফা জানায়, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল টুর্নামেন্ট আকারে শেষ করা হবে। পর্তুগালের লিসবনে ১২ থেকে ২৩ আগস্ট হবে ম্যাচগুলো। যার ড্র হবে শুক্রবার।
তবে অসমাপ্ত শেষ ষোলোর ম্যাচগুলোর ভেন্যুর সিদ্ধান্ত ঝুলে ছিল। করোনার কারণে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা, লকডাউনের মতো জরুরি বিষয়গুলোর কারণে হোম দলগুলো তাদের ‘হোম ম্যাচ’ নিজের মাঠে খেলতে পারবে কিনা সে নিয়ে সংশয় ছিল। তবে এখন আগের চেয়ে পরিস্থিতি উন্নতি হওয়ায় উয়েফা সিদ্ধান্ত নিয়েছে, ফিরতি পর্ব নির্দিষ্ট দলগুলোর মাঠেই হবে।
৮টি দল অবশ্য শেষ ষোলোতে নিজেদের দুই লেগই খেলে ফেলেছে। বাকি ৮ দল খেলেছে এক লেগ করে। অর্থাৎ চারটি ম্যাচ বাকি। ৭ ও ৮ আগস্ট হবে ম্যাচগুলো।
ম্যানচেস্টার সিটির মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে আতিথ্য দেবে চেলসিকে, জুভেন্তাস ঘরের মাঠে খেলবে লিওঁর বিপক্ষে। আর বার্সেলোনা নিজেদের মঠে খেলবে নাপোলির বিপক্ষে।
প্রথম লেগে রিয়ালের মাঠে ২-১ গোলে সিটি, চেলসির মাঠে ৩-০ গোলে বায়ার্ন, জুভেন্তাসের মাঠে ১-০ গোলে লিওঁ জয় পায়। আর নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা।
শেষ আট এরই মধ্যে নিশ্চিত হয়েছে পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা ও লাইপজিগের।