রাজধানীতে অপহৃত য্বুক ময়মনসিংহ থেকে উদ্ধার

রাজধানীর গাবতলী থেকে অপহরণের ১২ ঘণ্টা পর বায়িং হাউজের এক কর্মকর্তাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানান।

মামুন জানান, রাজশাহীর চারঘাট থানার চন্দন সড়ক এলাকার নুরুল আমিনের ছেলে রাজু আহম্মেদ (৩৫) রাজধানীর গুলশান থানা এলাকার নর্দা কালাচাঁদপুর এলাকায় থাকেন। তিনি একটি বায়িং হাউজের কর্মকর্তা। গত বুধবার সকাল ১০টার দিকে তিনি গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় যান। এ সময় কয়েক ব্যক্তি তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে নিয়ে যায়। পরে অপহরণকারীরা রাজুর পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।