রিজেন্টের মতো প্রতিষ্ঠান কীভাবে অনুমোদন পেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘এ ধরনের প্রতিষ্ঠান যাদের করোনা চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, চিকিৎসা সুবিধা নেই তারা কীভাবে পরীক্ষা করার অনুমোদন লাভ করল? অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান তাদের দায়িত্ব কীভাবে ও কতটুকু পালন করছে বা করছে না, সে বিষয় দেখভালের দায়িত্ব অনুমোদন প্রদানকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের, তারা কী করলেন?’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘স্বাস্থ্যসেবার নামে অপকীর্তি, দুর্নীতি ও মানুষের জীবন নিয়ে অবহেলা করার সময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে আটক করা হয়েছে, প্রতিষ্ঠানটি সিলগালা করেছে। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে এবং তারপরেই বিষয়গুলো সম্পর্কে কিছু না কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ে কিছু লোককে ধরা হয়েছে, এখন তাদের হয়তো শাস্তি হবে; কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে একটা বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। এ সামান্য একটা বিষয় থেকে কভিড পরীক্ষা নেগেটিভ নিয়ে আমাদের দেশের মানুষ যখন বিদেশে যাচ্ছে সেখানে তাদের পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছে এবং আমাদের দেশের এ টেস্টকে অনেক দেশ আর গ্রহণ করছে না। তারা এটাকে বিশ্বাসযোগ্য মনে করছে না। বেশ কয়েকটি দেশ বাংলাদেশের বিমান অবতরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।