পৃথিবীর তাপমাত্রা বাড়ছে ১.৫ ডিগ্রি সেলসিয়াস

আগামী পাঁচ বছরের মধ্যেই বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের চেয়েও এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হওয়ার সম্ভাবনা ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বনেতারা চলতি শতকে পৃথিবীর গড় তাপমাত্রা যেন ১৮৫০ সালের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না ওঠে, সেজন্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

অথচ ২০২৪ সালের বছরখানেক আগেই তাপমাত্রা বৈশ্বিক এ লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারে এমন সম্ভাবনা এখন ২০ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। তাদের সাম্প্রতিক মূল্যায়নে আগামী পাঁচ বছরের মধ্যে এক বা একাধিক মাসের গড় তাপমাত্রা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমন সম্ভাবনাও ৭০ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণ করা যে কতটা কঠিন, নতুন এ মূল্যায়ন তাই দেখাচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) জন্য যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের করা এ মূল্যায়নে গবেষকরা বলছেন, পৃথিবীর এখনকার গড় বার্ষিক তাপমাত্রাই ১৮৫০ সালের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

স্বল্প সময়ের জন্য বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে, আগের বেশ কয়েকটি গবেষণায় এমন সম্ভাবনা ১০% বলা হলেও এখন তা দ্বিগুণ মনে হচ্ছে।