ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর করবে অস্ট্রেলিয়া

এই সেপ্টেম্বরে ইংল্যান্ডে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলার কথা আছে অস্ট্রেলিয়ার। কিন্তু করোনাভাইরাসের ধাক্কায় এই সিরিজের ভাগ্য এখন অনিশ্চয়তায়। কিন্তু অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার সম্ভব হলে এই সিরিজে অবশ্যই খেলতে চান। সব চ্যালেঞ্জ জয় করে ইংল্যান্ডে যেতে চান তিনি। শুধু তাই নয়, আইপিএল মাঠে গড়ালে দলের সেরা ক্রিকেটারদের ওই টুর্নামেন্টে খেলতে দেওয়ার পক্ষে অজি কোচ। আর এ সবই তিনি করতে চান ক্রিকেটের জন্য।

ইংল্যান্ডের ডেইলি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক অজি টপ অর্ডার ব্যাটসম্যান বলেছেন, ‘এখানে অবশ্যই অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু যে কোনো ভাবে হোক সমাধান খুঁজে আমাদের উচিত ইংল্যান্ড সফরটাকে পূর্ণতা দেওয়া। এটা আমার চিন্তা, বিশ্ব ক্রিকেটের স্বার্থে আমাদের এতে মতামত দেওয়া উচিত। যদি পরিস্থিতি আরও খারাপ হয় এবং তাতে সিরিজটি না হয় তবে আমরা বলতে পারব যে নিজেদের সামর্থ্যরে সবটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি।’ ১১৭ দিন বন্ধ থাকার পর সাউদাম্পটন টেস্ট দিয়ে ক্রিকেট মাঠে ফিরেছে। তবে অনেক সিরিজ ও বৈশ্বিক টুর্নামেন্ট এখনো অনিশ্চয়তার মধ্যে আছে। অক্টোবর-নভেম্বর অস্ট্রেলিয়ায় নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়া সময়ের ব্যাপার। এমন অবস্থায় যদি আইপিএল মাঠে গড়ায় তবে ক্রিকেটারদের এই টুর্নামেন্টে খেলতে দেওয়ার পক্ষে ল্যাঙ্গার। ইন্টারনেট।