বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

আশুলিয়ায় যুবলীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের ছিদ্র থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, যুবলীগ নেতা কুসুম মোল্লা ও আলমগীর হোসেনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম। এর আগে গত বুধবার মামলাটি দায়ের করেন নিহতদের স্বজন আজিজুল ইসলাম।

মামলার আসামিরা হলো, বাড়ির মালিক সামছুদ্দিন, কেয়ারটেকার জহিরুল, আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্লা, তার ভাই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হুমায়ুন মোল্লা, যুবলীগ নেতা আলমগীর, স্থানীয় ২ নম্বর ওয়ার্ড সদস্য জাকির হোসেন এবং সপু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ জুলাই আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর দক্ষিণপাড়া এলাকার সামছুদ্দিনের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগের ছিদ্র থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুনে দগ্ধ হয়ে ওই বাড়ির ভাড়াটিয়া আবুল কাশেম, তার স্ত্রী ফাতেমা ও শিশু সন্তান আলামিন মারা যায়।