মুক্তি পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত বহু প্রতিক্ষীত শেষ ছবি ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাক। আর এই গানের মধ্যে দিয়েই আরও একবার দর্শকদের মন কাড়লেন প্রয়াত তারকা। সেই হাসিখুশি, ঝলমলে চেহারা— বিশ্বাসই হতে চায় না তিনি নেই।
শুক্রবার ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাক মুক্তির দুই ঘণ্টার মধ্যেই ইউটিউবে ভিউ ৫ লাখের বেশি ছাড়িয়ে যায়।
সুশান্ত নাচের স্টেপের মাধ্যমে অনেক আগেই দর্শকের মন জিতে নিয়েছিলেন। তবে এই গান ভক্ত ও দর্শকের মধ্যে যে অনুভূতি জাগিয়েছে তা যে আগের সব কিছুর থেকে আলাদা— তা বলার অপেক্ষা রাখে না। গানটি মুক্তি পাওয়ার সঙ্গেই এর সঙ্গে মিশে গেল সুশান্তর প্রতি মানুষের ভালোবাসা ও আবেগ।
গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমান। গোটা ছবির সংগীতও তার। গানটির গীতিকার অমিতাভ ভট্টাচার্য, কোরিওগ্রাফি করেছেন ফারহা খান।
কারিগরিভাবে বেশ গোছানো গানটি। দেখা যাচ্ছে, মাত্র একটা শটেই শুট হয়েছে। এর আগে ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাক সম্পর্কে রহমান বলেন, “এই গান ম্যানি চরিত্রটির জীবন্ত আত্মার প্রতিফলন, যেটি কিজির জীবনে আশা ও ভালোবাসা নিয়ে আসবে। সেটাই এই গানে তাই ধরা পড়বে।”
‘দিল বেচারা’য় সুশান্তর বিপরীতে আছেন সাঞ্জনা সংঘী। ছবিটি ডিজনি হটস্টারে মুক্তি পাবে ২৬ জুলাই।