গ্রেগ একা নন, সবাই মিলে আমাকে বাদ দিয়েছিল: সৌরভ

ভারতীয় দলে গ্রেগ চ্যাপেলের কোচিং অধ্যায় ছিল বড্ড বিতর্কিত। সৌরভ গাঙ্গুলিকে অধিনায়কত্ব থেকে সরানো, দল থেকে বাদ দেওয়ার মূল হোতা ভাবা হয় তাকেই। তবে সৌরভ এ জন্য শুধু চ্যাপেলকেই দায়ী করতে নারাজ। বলছেন, গ্রেগ একা নন, সবাই মিলে আমাকে বাদ দিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘অন্যরাও নিরপরাধী নয়। একজন বিদেশি কোচ যার দল নির্বাচনে কিছু বলার নেই সে অধিনায়ককে বাদ দিয়ে দিতে পারে না। পুরো সিস্টেমের সমর্থন না থাকলে সেটা সম্ভব ছিল না। আমাকে বাদ দেওয়ার নেপথ্যে সকলেই জড়িত ছিল। তবে আমি চাপের মুখে কেঁপে যাইনি। আত্মবিশ্বাস হারাইনি।’

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক নেতৃত্বের সময়ে পুরো দলের মনোভাবই বদলে দিয়েছিলেন। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। ১২ বছর পর সেই সৌরভই এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি।

কিন্তু সৌরভের ক্রিকেট ক্যারিয়ারে গ্রেগ চ্যাপেল আমলের কালো ছায়া বার বার ফিরে ফিরে আসে। ২০০৫ সালের সেই দুঃসহ সময়ের কথা মনে করে ‘কলকাতার মহারাজ’ খ্যাত তারকা বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা ছিল ওটা। ভীষণ অবিচার হয়েছিল। জানি সব সময় সুবিচার পাওয়া সম্ভব নয়। তবে ওই ব্যাপারটা এড়ানো যেত। সদ্য জিম্বাবুয়ে থেকে সিরিজ জিতে ফেরা দলের অধিনায়ক ছিলাম আমি। আর দেশে ফিরে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো!’

সৌরভ যোগ করেন, ‘ভারতের হয়ে ২০০৭ বিশ্বকাপটা জিততে চেয়েছিলাম। তার আগেরবার আমরা ফাইনাল খেলি। আমার স্বপ্ন দেখার কারণও ছিল। তার আগের পাঁচ বছর দল আমার নেতৃত্বে যথেষ্ট ভাল খেলেছিল। তারপর আমাকে আচমকা বাদ দেওয়া হলো? প্রথমে বলা হলো ওয়ান ডে দল থেকে বাদ। পরে টেস্ট দল থেকেও ছেঁটে ফেলা হলো।’