কাজাখস্তানে করোনাভাইরাসের চেয়েও প্রাণঘাতী অজ্ঞাত নিউমোনিয়া ছড়াচ্ছে বলে সতর্ক করেছে চীন। গত বৃহস্পতিবার দেশটিতে নিযুক্ত চীনা দূতাবাস প্রথম সতর্ক করে জানায় যে, মধ্য এশিয়ার দেশে এই নিউমোনিয়ার সংক্রমণ মহামারী হয়ে উঠেছে বলে জানিয়েছে সিএনএন। তবে গতকাল শুক্রবার কাজাখস্তান বলেছে, চীনা সংবাদমাধ্যমে প্রকাশিত এই বিষয় নিয়ে প্রতিবেদনটি সঠিক নয়। কাজাখস্তানের চীনা দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, আটিরাউ ও আকটোবে প্রদেশে এই নিউমোনিয়ার সংক্রমণ মারাত্মক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস কভিড-১৯-এর চেয়ে প্রাণঘাতী। অজ্ঞাত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে কয়েকজন চীনের নাগরিক রয়েছেন বলেও উল্লেখ করেছে চীনা দূতাবাস। এছাড়া দেশটিতে বসবাসরত চীনা নাগরিকদের জন্য বাইরে যাওয়া ও জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য সতর্কতা জারি করা হয়েছে।