পুলিশি বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় পন্ড হয়েছে ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) মতবিনিময় সভা। শেষে প্রেস ব্রিফিং করে বিদায় নেন দলটির কেন্দ্রীয় নেতারা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল শহরের মসজিদ রোডের আল হেলাল হোটেলের তৃতীয় তলায় মতবিনিময় সভার আয়োজন করে এবি পার্টি। দলটির জেলা সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত একটি দৈনিকের সম্পাদক ইব্রাহিম খান সাদত সাংবাদিকসহ পরিচিতজনদের এতে আমন্ত্রণ করেন।
পরে বেলা ১১টার পর দলটির কেন্দ্রীয় আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু ও জেলা সমন্বয়ক ইব্রাহিম খান সাদত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা শুরু করার উদ্যোগ নিলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের একটি দল এসে মতবিনিময় সভায় বাধা দেয়। প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ সভাটি বন্ধ করে দেয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (অপারেশন) ইশতিয়াক আহমেদ বলেন, পুলিশ তাদের কোনো প্রকার বাধা দেয়নি।