সাভারের আশুলিয়ায় স্কুল শিক্ষার্থী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রাসেল (২৪) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের পর ভূক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
শনিবার বিকেলে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু।
এর আগে শুক্রবার রাতে নিজ বাড়িতে প্রকৃতির ডাকে সারা দিতে বের হলে প্রতিবেশী গার্মেন্ট শ্রমিক যুবকের কাছে ধর্ষণের শিকার হন ওই স্কুল শিক্ষার্থী। গ্রেপ্তার রাসেল (২৪) স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নরসিংহপুর বুড়িরপাড়া এলাকায় হোটেল ব্যবসায়ী বাবা ও গার্মেন্ট শ্রমিক মায়ের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করে আসছে ভূক্তভোগী ওই কিশোরী। কিন্তু বেশকিছু দিন ধরেই একই বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক রাসেল নামে এক যুবক ওই কিশোরীকে উত্যক্ত করে আসছিল। সবশেষ শুক্রবার রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে গেলে আগে থেকে ওত পেতে থাকা বখাটে রাসেল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।