সুশান্তের নামে নামকরণ করা হলো রাস্তা

সুশান্তকে ভোলা যাবে না। সেই কারণে সুশান্তের স্মৃতিতে নামকরণ করা হলো রাস্তার। বিহারের পূর্ণিয়া জেলার একটি রাস্তার নামকরণ করা হয়েছে সুশান্তের স্মৃতিতে। স্থানীয় পৌরপ্রধান সবিতা দেবী জানান, সুশান্ত তাদের ঘরের ছেলে। তাই সুশান্তকে মনে রাখতেই তার স্মৃতিতে তৈরি করা হয়েছে রাস্তা।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, সে বিষয়ে দাবি জানাতে শুরু করেছেন নেট জনতার একাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার মহারাষ্ট্র সরকারের কাছেও সিবিআই তদন্তের দাবি জানাতে শুরু করেন নেট নাগরিকরা। শুধু তাই নয়, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার গল্প অনেক আগে থেকেই সাজানো ছিল বলেও অনেকে অভিযোগ করছেন।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে প্রয়াত অভিনেতার পরিবারের তরফে কোনো মন্তব্য করা হয়নি।