নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-এর রেক্টর মো. রকিব হোসেন। এই পরিস্থিতি ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলেও জানান জেলায় দায়িত্বপ্রাপ্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তা।
শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে তিনি একথা বলেন।
সভায় আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে জেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন পরামর্শ দেয়। সভা শেষে রকিব হোসেনের নেতৃত্বে করোনা কমিটির একটি দল নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন।
রকিব হোসেন বলেন, আজকের সভায় আলোচনার বিষয়বস্তু ছিল আসন্ন ঈদকে সামনে রেখে করোনার পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে। কোভিড হাসপাতালে নন কোভিড রোগী রাখা নিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। স্বাস্থ্য বিভাগে সেই বিষয়গুলো বিবেচনার আওতায় রেখেছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কীভাবে নন কোভিড রোগী নিয়ে আসা যায় তাও দেখছি। ডাক্তার, নার্সসহ অন্যান্য কর্মকর্তারা জানুক, তাদের সার্বিক ব্যবস্থার উন্নয়নে জেলা প্রশাসক ও সরকার তাদের পাশে আছে।
কোভিড বা নন কোভিড রোগী কোন মুখ্য বিষয় নয়, চিকিৎসা সেবাই মূল লক্ষ্য বলে জানান তিনি।
সভা প্রসঙ্গে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে যতগুলো পদক্ষেপ নিতে হয় আমরা নিবো। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা করোনা হাসপাতালে সদ্য দেওয়া আইসিইউ এর কার্যক্রম দেখা হবে এবং কোন ত্রুটি আছে কি না দেখা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা করোনা ফোকাল পারসন ডা. মোহাম্মদ জাহিদুল ইসলামসহ জেলা করোনা প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।