নতুন জীবনধারার সাথে খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার ঈদুল আজহায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ভার্চুয়াল কোরবানির গরুর হাট সাইট, deshigorubd.com এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনাকালে দেশের এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি অনলাইনে কোরবানি পশু বিক্রির সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক তরুণ খামারী ন্যায্য মূল্যে তাদের গরু-ছাগল বিক্রি করতে পারবেন। করোনার ফলে সারা বিশ্বে একদিকে যেমন অনেক মানুষ কাজ হারাচ্ছে, তেমনি তথ্যপ্রযুক্তি-নির্ভর অনেক নতুন পেশা ও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে।
অনলাইন দেশি গরুর হাটের সাইট তৈরির উদ্যোক্তাদের স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, এই সাইটের মাধ্যমে কোরবানির গরু ক্রেতা ও বিক্রেতার মধ্যে সেতুবন্ধন তৈরি হবে এবং ন্যায্য মূল্যে ক্রয় ও বিক্রয় করতে পারবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ই ক্যাব এর প্রেসিডেন্ট শমী কায়সার, অনলাইন দেশি গরুর হাট সাইট এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাইসুল ইসলাম ,পরিচালক টিটু রহমান প্রমুখ।