বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্য পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ডে (টিআইএমবি) নিয়োগ পেয়েছেন করোনাভাইরাসের জিনের নকশা উন্মোচন করা ডা. সেঁজুতি সাহা। বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) অণুজীব বিজ্ঞানী সেঁজুতি গত মে মাসে বাবা অধ্যাপক সমীর সাহার সঙ্গে যৌথভাবে করোনাভাইরাসের জিন-নকশা উন্মোচন করেন।
গতকাল চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে সেঁজুতি সাহার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ডা. সেঁজুতি সাহা বোর্ডের অন্য সদস্যদের সঙ্গে বিশ^ স্বাস্থ্য সংস্থাকে (মহাপরিচালক পর্যায়ে) পোলিও সংক্রমণ প্রক্রিয়াটির অগ্রগতির বিষয়ে পরামর্শ দেবেন। এ প্রক্রিয়ায় বিশ্বব্যাপী কীভাবে প্রয়োজনীয় টিকাদান, বৃহত্তর সংক্রামক রোগের নজরদারি, জরুরি প্রতিক্রিয়ার বিষয়গুলোর মতো জনস্বাস্থ্যের অবকাঠামো বজায় রাখা যায়, সে বিষয় নিয়ে কাজ করে টিআইএমবি বোর্ড।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিআইএমবি বোর্ডে সভাপতি হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা স্যার লিয়াম ডোনাল্ডসন। তিনি একই সঙ্গে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক।
এ বছর আরও তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। ডা. সেঁজুতি সাহা ছাড়াও সম্প্রতি নিয়োগ পাওয়া বাকি দুজন বোর্ড সদস্য হলেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক শেইলা লেথারম্যান ও নাইজেরিয়ার প্রখ্যাত চিকিৎসক ডা. লোলা ডেয়ার।