দর্শকের সামনে খেলবেন আজ নেইমার-এমবাপে

ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে সবার আগে ২০১৯-২০ মৌসুম শেষ করেছিল ফ্রান্স, লিগ বাতিল করে শীর্ষে থাকা দল পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল এপ্রিলেই। তখনই কর্র্তৃপক্ষ বলেছিল আগামী মৌসুমে নজর তাদের। ফরাসি লিগের ২০২০-২১ মৌসুম শুরু হবে ২২ আগস্ট থেকে। তাই দলগুলো নিজেদের মধ্যে খেলছে প্রস্তুতি ম্যাচ। এই সপ্তাহ থেকে ফ্রান্সের ফুটবল মাঠে ফিরছে দর্শকও।  সর্বোচ্চ ৫ হাজার মানুষ স্বাস্থ্যবিধি মেনে দেখতে পারবে লিগ প্রস্তুতির জন্য হওয়া এই প্রীতি ম্যাচগুলো।

ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে ফ্রান্সেই সবার আগে মাঠে ফিরছে দর্শক। আজ দ্বিতীয় বিভাগের দল লে হাভরের বিপক্ষে খেলবে পিএসজি। এ ম্যাচে দর্শক উপস্থিতি থাকবে চোখে পড়ার মতো; ৫ হাজার সংখ্যাটি দুই ক্লাবের খেলোয়াড়, স্টাফ, সাংবাদিক মিলে। তাই ৪ থেকে সাড়ে ৪ হাজার টিকিট করা হয়েছে ম্যাচের জন্য। যা মুহূর্তেই শেষ হয়ে গেছে।