করোনাভাইরাসের কারণে জার্মান ফুটবল লিগের শেষ কয়েক রাউন্ড হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। দেশটিতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তাই পরবর্তী মৌসুমে মাঠে কিছুসংখ্যক দর্শক উপস্থিতির কথা ভাবছে বুন্দেসলিগার ক্লাবগুলো। এজন্য ক্লাবগুলোই নানা পরিকল্পনা করছে। বুন্দেসলিগার দল ইউনিয়ন বার্লিন বিনামূল্যে সমর্থকের করোনা টেস্ট করার কথা ভাবছে। যেন সেপ্টেম্বরে মাঠে দর্শক উপস্থিত হতে পারে।
ইউনিয়ন বার্লিনের স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২২ হাজার ১২ জন। নিজেদের মাঠে প্রতিটি ম্যাচের আগেই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা অনুযায়ী ফ্রি করোনা টেস্ট করার কথা ভাবছে ক্লাবটি। ম্যাচের ২৪ ঘণ্টা আগেই টেস্টের রিপোর্ট দেওয়া হবে, যেন নেগেটিভরা টিকিট নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে পারে। নতুন মৌসুমের প্রথম হোম ম্যাচেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় ইউনিয়ন বার্লিন। ক্লাবটির প্রেসিডেন্ট ড্রিক জিংলের বলেন, সামাজিক দূরত্ব বিষয়টির সঙ্গে আমাদের স্টেডিয়ামটি যায় না। আমাদের (সমর্থকদের) যদি গান গাইতে, চিৎকার করতে না দেওয়া হয় তবে সেটা ইউনিয়ন বার্লিন হলো না। আমরা সর্বোচ্চ চেষ্টাটিই করব যেন কেউ (করোনা) আক্রান্ত না হয়।’ করোনা টেস্ট ব্যয়সাপেক্ষ বিষয়। তবে ফুটবল মাঠে দর্শক ফেরানোটা বেশি জরুরি বলে মনে করেন ক্লাবটির প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ‘এই জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করাটা অর্থনৈতিক এবং সাংগঠনিকভাবে চ্যালেঞ্জের। তবু এটি করতে পারলে খুশিই হব। ফুটবল ক্লাব হিসেবে মাঠে সমর্থক ফেরাতে যা খরচ হবে তা আমরা বহন করব।’
১৮ সেপ্টেম্বর থেকে বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু হতে পারে। লিগের অনেক ক্লাব চিন্তা করছে দূরত্ব বজায় রেখে সিট প্লান করার। লাইপজিগ তাদের স্টেডিয়ামের ৫০ শতাংশ সিট ফাঁকা রাখতে চায়।