ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মেধাবী ছাত্রী, দৌলতখান উপজেলার জয়নগর এলাকার রোকসানা বেগমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার খায়েরহাট হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তার সহপাঠী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ জুন বিকেলে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে স্বামী মো. রুবেলের বাড়িতে রোকসানা বেগমের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনার কোনো পুলিশি তদন্ত হয়নি। তাই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ ঘটনায় মামলা গ্রহণসহ পুলিশি তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তারা।