অমিতাভের জন্য তারকাদের প্রার্থনা

করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন। এর আগে বলিউডে এই ভাইরাস হানা দিলেও কিংবদন্তি অভিনেতা আক্রান্ত হওয়ার খবরে সবার চিন্তা বেড়ে গেছে।

অবশ্য ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, বিগ বি ভালো আছেন, ভালো আছেন অভিষেকও। যদিও সহকর্মী ও অনুরাগীদের দুশ্চিন্তা কাটছে না। এর যথেষ্ট কারণও রয়েছে। কয়েক যুগ ধরে নানান ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন এই নায়ক। যা তার হাসি মুখ দেখলে কখনোই বোঝা যায় না।

শনিবার রাতে নিজেই টুইটারে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অমিতাভ। এর পর থেকেই কমেন্ট বক্সে ভিড় করেন একের পর তারকা। বলিউড থেকে কলকাতা বা দক্ষিণ ভারত কারো চিন্তার শেষ নেই।

যেমন দক্ষিণী তারকা ধানুশ লেখেন, ‘‘শিগগিরই ভালো হয়ে উঠুন স্যার,  প্রার্থনা করছি’’। বিপাশা বসু এবং সোনম কপূরের গলাতেও একই সুর। বনি কাপুর, রাজকুমার রাও, তাপসী পান্নুসহ অনেকেই শুভ কামনা জানিয়েছেন। যার পাল্লা ঘণ্টায় ঘণ্টায় ভারি হচ্ছে। কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার।’’ পাশাপাশি অভিষেক বচ্চনের জন্যও বার্তা দেন তিনি।

করোনার প্রাদুর্ভাবের পর থেকে বাড়িতেই ছিলেন অমিতাভ। মহারাষ্ট্র সরকারের নিয়ম অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়সের অভিনেতাদের শুটিং ফ্লোরে যাওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও কী ভাবে করোনা আক্রান্ত হলেন অমিতাভ, তা বুঝতেই পারছেন না। তবে অমিতাভ শুটে না গেলেও ডাবিংয়ের জন্য বেরোতে হয় অভিষেককে।

শুধু শিল্পী মহলই নয়। ক্রিকেটাররাও বাবা-ছেলের সুস্থতা কামনা করেছে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় অমিতজিকে আবারও সুস্থ দেখার আশায় শচিন টেন্ডুলকার  টুইটে লেখেন, ‘‘খুব খারাপ লাগছে। সুস্থ হয়ে উঠুন, আর কিছু চাই না’’। আরোগ্য কামনা করেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারও।

এ দিকে অমিতাভের বাংলো জলসাকে স্যানিটাইজ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। জানা গেছে, বাড়ির অন্য সদস্যদের পাশাপাশি কর্মচারীদেরও দ্রুত পরীক্ষা করা হবে।