বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ৪জন করোনা পজিটিভ, দুইজন করোনা নেগেটিভ এবং দুইজনের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
শনিবার বিকেল থেকে রবিবার সকাল ১০টার মধ্যে ওই ৮ ব্যক্তি করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই তথ্য জানিয়েছে।
হাসপতাল কর্তৃপক্ষ জানায়, রবিবার সাকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার কদম আলী (৬৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ৩ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা নেগেটিভ ছিলেন। শনিবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটের সময় তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এদিকে রবিবার সকাল ১০টা ১০ মিনিটের সময় বরিশাল সিটি করপোরেশনের বাসিন্দা শিরিন (১৭) করোনা ওয়ার্ডে মারা যান। তাকে গত ৬ জুলাই রাতে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন।
সকাল ৭টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার সুফিয়া বেগম (৬০) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে শনিবার দিবাগত রাত পৌনে একটায় ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
অন্যদিকে শনিবার রাত পৌনে একটার দিকে বরিশাল সদরের বাসিন্দা আ. গণি হাওলাদার (৭০) হাসপাতালের করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি করোনা নেগেটিভ ছিলেন। তাকে গত ৭ জুলাই করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নলছিটির বাসিন্দা লুৎফর রহমান (৬৫)। গত ২৮ জুলাই তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন।
এ ছাড়া বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা সন্তোষ কুমার রায় (৬৮) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫টায় মারা যান। গত ১১ জুলাই বিকেল ৩টায় তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠনো হয়েছে।
শনিবার বিকেল ৪টায় বরিশাল সিটি করপোরেশনের বাসিন্দা সিদ্দিক আলী (৮০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৪ জুলাই তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন।
এর আগে শনিবার সকাল ৮টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সূর্যবানু (৬৮)। তাকে গত ৭ জুলাই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪জন করোনা পজিটিভ, দুইজন করোনা নেগেটিভ এবং দুইজনের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এই নিয়ে হাসপাতলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৩১ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৫১ জন।